সাঁথিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম কাইলা ওরফে কালু (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
সাঁথিয়ার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান অভিযানে বের হলে উপজেলার করমজা ইউনিয়নের করমজা-বায়া খড়বাগান নামক স্থানে পৌঁছামাত্রই কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পালটা গুলি করে। এ সময় উভয়পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হয়। ঘটনাস্থল থেকে ১০০ পিচ ইয়াবা, একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। নিহত কালুর নামে সাঁথিয়া থানায় চারটি মাদক মামলা রয়েছে।
