কেন্দ্রে ভোটার শূন্য, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানের অভিযোগের মধ্য দিয়ে ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঐ তিনটি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলেও বাকি দুটি আসনে ভোট হয় ব্যালটে।
ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বিজয়ীরা হলেন-ঢাকা-১০ আসনে ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দীন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে অনুুষ্ঠিত ভোট নিয়ে শুরুতে চরম সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। ঢাকা-১০ আসনে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন ছিল। নির্বাচনী কর্মকর্তারা একজন ভোটারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেও দেখা গেছে। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ভোট পড়েছে ৫ শতাংশের মতো। বিএনপির প্রার্থী ফলাফল ঘোষণার আগে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন সকালে ভোট দিতে না পারলেও বিকালে ভোট দিয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কলাবাগান লেক সার্কাস গার্লস স্কুলে তিনি ভোট দেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহসানুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে আপডেট করে এসডি কার্ড নিয়ে আসা হয়েছে। প্রথম চান্সেই ফিঙ্গার প্রিন্ট কাজ করেছে। ভোটদান শেষে শফিউল ইসলাম বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে সকালে ভোট দিতে পারিনি। করোনা ভাইরাসের আতঙ্কে অনেকে ভোট দিতে আসেননি। এ আতঙ্ক না থাকলে বেশি ভোটার কেন্দ্রে আসতেন। আমিও খুশি হতাম।
ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর : ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ফলাফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী রবিউল আলম রবি। সেই সঙ্গে নির্বাচনি ব্যবস্থা সংস্কার করে নতুন ভোটের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির প্রার্থী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোটবিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারল না, সে নির্বাচন আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি। ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, করোনা ভাইরাস আতঙ্কের কারণে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। তবে জোর করে নৌকায় সিল মেরে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মইনুল হাসান ও জাপার মইনুল রাব্বী। শনিবার দিনভর কয়েকটি ভোটকেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। কোনো কোনো কেন্দ্র ছিল ভোটার শূন্য। আবার কোনো কোনো কেন্দ্রে ভোটার না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে বসে অলস সময় কাটান।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল আলম মিলন পৌর সদরের আব্দুল আজিজ মোমোরিয়াল কেন্দ্রে ও লাঙ্গল মার্কার প্রার্থী সাজন কুমার মিস্তি রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
ঢাকা-১০ : শনিবার রাত ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেটের টিচার্স ট্রেনিং কলেজ থেকে ঢাকা-১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীনকে। ফলাফল ঘোষণা করেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন। তিনি বলেন, ইভিএমে অনুষ্ঠিত ভোটে ঢাকা-১০ আসনের ১১৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৭ ভোট পেয়েছেন।
গাইবান্ধা-৩ :গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ১৩২টি ভোট কেন্দ্রে ফলাফলে স্মৃতি (নৌকা) পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি দলীয় প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।
বাগেরহাট-৪ : এই আসনে (মোরেলগঞ্জ-শরণখোলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আমিরুল আলম মিলন নির্বাচিত হয়েছেন। ১৪৩টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১লাখ ৮২ হাজার ৭৪৫টি। তার প্রতিদ্বন্দ্বি লাঙ্গল মার্কার প্রার্থী সাজন কুমার মিস্ত্রি পান ৩ হাজার ৭৪৪ ভোট। ঋণখেলাপি থাকায় মনোনয়ন বাছাইয়ে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যায়।
