নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বলেছেন, তাদের ভয়টা হচ্ছে, আমি জিতে যাব আর তারা হেরে যাবে। তারা চিন্তা করছে, ভোট তো পাব না তাই কীভাবে জোর করে পোস্টার ছেঁড়া যায়, কীভাবে অরাজকতা করা যায়। আমি বিপুল ভোটে জয়ী হব এতে তারা ভয় পায়। গতকাল বুধবার বিকালে নগরীর থানা পুকুরপাড় এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন চুন্নুকে ধরে নিয়ে গেছেন পুলিশ। অনেক চেষ্টা করেও আমরা তাঁর জামিন পাইনি। তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদনও নাকি করা হবে। রিমান্ড হোক বা না হোক নির্বাচনের আগে তাকে জামিন দেওয়া হবে না। আরও ২০-২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও নির্বাচনের আগে জামিন দেওয়া হবে না। গ্রেপ্তারের আগেই মামলা পরিকল্পিতভাবে সাজানো হয়ে থাকে। সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। জনগণ যাতে ভোট দিতে পারে এটাই আমাদের মূল দাবি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়েও আমার পোলিং এজেন্টরা প্রস্তুত।
নাগরিক ঐক্যের দুই নেতা আটক
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর থানা পুকুরপাড় এসএম আকরামের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে দুই নেতাকে আটক করা হয়। এ বিষয়ে সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই প্রবীর কুমার রায় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ তা জানাতে পারেননি তিনি। এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী ও এসএম আকরাম বলেন, আটক দুই নেতার বিরুদ্ধে কোনো মামলা নেই। তারা ঢাকা থেকে এসেছেন।
