বেশি দামে চাল, পেঁয়াজ বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল মিরপুরে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১ হাজার ২০০ টাকার প্রতি বস্তা চাল ২ হাজার টাকা ও ২ হাজার ৩০০ টাকার প্রতি বস্তা চাল ২ হাজার ৭৫০ টাকায় বিক্রির অপরাধে মিরপুর এক নম্বরের শাহআলী থানাধীন মাহিম রাইস এজেন্সি ও তাইয়্যেবা রাইস এজেন্সিকে জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, জিসান বাণিজ্যালয়ে আগের দিন পেঁয়াজ বিক্রি করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা। পরের দিন বিক্রি করা হয়েছে ৬০ টাকা। পরে মোবাইল টিমের উপস্থিতি টের পেয়ে ৬০ টাকার পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি শুরু করা হয়। কিন্তু জিসান বাণিজ্যালয় তাদের ক্রয়কৃত পণ্যের ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চিশতিয়া রাইস এজেন্সি, সুমন রাইস এজেন্সি এবং একই অপরাধে মিরপুর মডেল থানাধীন কিশোরগঞ্জ ভ্যারাইটি স্টোর, আব্দুল কাদের স্টোরকে জরিমানা করা হয়। এদিকে গতকাল মিরপুর ছাড়াও রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর বাজার, খিলগাঁও তালতলা, এজিবি কলোনি মতিঝিল, হাজারীবাগ, জিগাতলা, বনশ্রী বাজার, গুলশান-২ বাজার, নিউ মার্কেট, লালবাগ কেল্লার মোড়, মিটফোর্ড, শ্যামবাজার ও বাবুবাজারসহ মোট ১৬টি বাজার ও বিভিন্ন সুপার শপে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মোট ৩১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, মো. মাগফুর রহমান। মন্ত্রণালয়ের মনিটরিং টিমে তদারকি করেন সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল, প্রণব কুমার প্রামাণিক ও মাহমুদা আকতার।
ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গতকাল ঢাকা জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার, গুলশান-১, গুলশান-২, বনানী, বারিধারা, বনশ্রী, তেজগাঁও, মিরপুর-১১, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, কামরাঙ্গীরচরের রনি মার্কেট ও মাতবর বাজার, শান্তিনগরবাজারের পাশাপাশি ঢাকা জেলার ধামরাই, দোহার, সাভার, আশুলিয়া ও নবাবগঞ্জে অভিযান পরিচালনা করে।
এদিকে সাভারে আয়ারল্যান্ডফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে ঘুরে বেড়ানোর দায়ে ৭ হাজার টাকা জরিমানা ও বাসায় অবস্থানের মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নবাবগঞ্জে প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন না করায় নয়নশ্রী এবং যন্ত্রাইল ইউনিয়নে ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
