জাল ভোট না পড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কম পড়ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, ইভিএমে ভোটারকে ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোটার উপস্থিতির দায়িত্ব ভোটারের। তাকে জোর করে আনার সুযোগ আইনে নেই। কমিশন সভা শেষে শনিবার বিকালে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনে কম ভোট পড়ায় বৈধতা নিয়ে প্রশ্ন আসে কি না—এমন প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, আমাদের আইনে এমন কিছু নেই যে কত শতাংশ ভোট পড়তে হবে। একটি ভোট পড়লেও সেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ায় ইসি বিব্রত নয়, এজন্য ইসি দায়ী নয়। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কি না সেটাই দেখতে হবে। তিনি বলেন, উপনির্বাচনে ঢাকা-১০ আসনে বিকাল ৩টা নাগাদ ৫ শতাংশ ভোট পড়েছে। আর গাইবান্ধা-৩ আসনে ৪০ শতাংশের ওপরে এবং বাগেরহাট-৪ আসনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।
