নোভেল করোনা ভাইরাস আতঙ্কে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা চাল-ডাল-পেঁয়াজ-রসুনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ইচ্ছেমতো বাড়িয়ে দিয়েছে। দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা। কালোবাজারি, মজুতদারি ও প্যানিক সেল চলছে বেপরোয়াভাবে। সরকার বলছে, ব্যবস্থা নেবে। কবে নেবে? জনগণকে মুমূর্ষু করে?
রিজভী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের পূর্ব-প্রস্তুতি ছিল না। প্রায় দুই মাস সময় পেলেও সরকার এ বিষয়ে ভ্রুক্ষেপহীন থেকেছে। তাদের ক্ষমাহীন উদাসীনতা ও প্রাক-প্রস্তুতিহীনতার কারণে একটা বড়ো ধরনের বিপদ আমাদের সামনে ধেয়ে আসছে। করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকার প্রকাশ করছে না। বিদেশ থেকে আগতরা উত্সব করে গোটা দেশে ছড়াচ্ছে ভাইরাস। এই দুর্যোগে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার ওপর জোর দিয়ে রিজভী বলেন, এই মহাবিপদের সামনে দাঁড়িয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বেগম খালেদা জিয়ার জীবন ও স্বাস্থ্য নিয়ে। কৃষি ঋণ আদায় স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বড়লোকদের ঋণের কিস্তি স্থগিত করেছে; কিন্তু গরিবের ঋণের কিস্তি স্থগিত করেনি। রিজভী ভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা-১০ আসনে উপনির্বাচন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি ভোটগ্রহণের সময় গ্রেফতারের নিন্দা জানান।
