চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের এবং পরে আরো তিন জনের মৃত্যু হয়। তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা বেশিরভাগই স্থানীয় বলে জানা গেছে। এঘটনায় আহত হয়েছে ৫/৬ জন।
এ ছাড়া দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো আট জন। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম অফিস: চুনতী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উপজেলার আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় হিউম্যান হলারের চালকেরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ডোমার (নীলফামারী): শনিবার রাত আটটার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলা নামক স্থানে কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। নিহতরা হলো, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি চাকঠাপাড়া এলাকার মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যান চালক সাইফুল ইসলাম (৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নিলাহাটী শালমারী গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে যাত্রী আজিজার রহমান (৬৫)।
