গাজীপুরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

আপডেট : ২২ মার্চ ২০২০, ০০:৪৫

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাজীপুর জেলায় সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ‘শুধু সরকারি কার্যক্রম পরিচালনা করা ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্তে দাপ্তরিক কার্যক্রম ব্যতীত গাজীপুর জেলায় সব ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব ধরনের ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার জন্য জেলাবাসীকে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে জেলার সব ধরনের রিসোর্ট, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার এবং ক্লাবসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

রেডক্রিসেন্টের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক করোনা ভাইরাস মোকাবিলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক সহযোগিতায় সচেতনতার লক্ষ্যে শনিবার ১২ ধরনের দ্রব্যসামগ্রী গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ রাজিয়া সুলতানা লুনা, বাংলাদেশ রেডক্রিসেন্ট গাজীপুর ইউনিটের সেক্রেটারি মো. আতাউল্যাহ মণ্ডল, পরিচালক ডিআর বিভাগ মো. মিজানুর রহমান, উপপরিচালক মো. নূরুল আমিন, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, ইউনিট অফিসার মো. নূরুল ইসলাম প্রমুখ।