করোনা ভাইরাস টেস্টিং কিট শিগিগরই আসছে চীন থেকে --------------পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২০, ০০:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে চীন শিগগিরই একটি ভাড়া করা বিমানে করে ১০ হাজার টেস্টিং কিট এবং ১০ হাজার প্রটেকটিভ সরঞ্জাম পাঠাবে। চীন ইতিমধ্যেই এই কিটস এবং সরঞ্জাম তৈরি করেছে। গতকাল শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবিলায় বিপুল পরিমাণ টেস্টিং কিট এবং প্রটেকটিভ ইকুইপমেন্টসহ বিভিন্ন ধরনের চিকিত্সা সামগ্রী পাঠাতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছিল। কিছু বেসরকারি কোম্পানিও এগুলো আনার চেষ্টা করছে। চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসব। অ্যাসেনশিয়াল সার্ভিসের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিত্সক, নার্সসহ অ্যাসেনশিয়াল সার্ভিসের ছুটি এ মুহূর্তে বন্ধ করে দিয়েছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকেও সজাগ হতে হবে। সবাই মিলে এটি মোকাবিলা করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে না আসতে সকল প্রবাসী বাংলাদেশির প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, প্রতিটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। যদি ভিসা শেষ হয়ে যায়, মেয়াদ বাড়ানো হবে।

আর যারা দেশে আসবেন অবশ্যই প্রত্যেককে ১৪ দিনের জন্য সরকারি অথবা নিজস্ব কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি আরো জানান, কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ ১০টি দেশ থেকে বাণিজ্যিক ফ্লাইট আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা কোনো যাত্রীবাহী বাণিজ্যিক বিমানকে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হবে না। এর আগে এই ১০টি দেশ করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ থেকে যাওয়া কোনো ফ্লাইট তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এই ১০টি দেশের বাইরে যুক্তরাজ্য, ব্যাংকক, চীন এবং হংকং এর সঙ্গে বিমান চলাচল উন্মুক্ত থাকবে। বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে আসা সকল ফ্লাইট বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট কেন এই নিষেধাজ্ঞায় পড়বে না, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমগ্র বিশ্ব বন্ধ করে দিতে পারি না। জরুরি প্রয়োজনে আমাদের কোনো নাগরিককে নিয়ে আসার প্রয়োজন হতে পারে। পাশাপাশি তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের জন্য কয়েকটি রুট উন্মুক্ত রয়েছে।