সারাদেশে ১৫ দিনের লকডাউন চায় ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২২ মার্চ ২০২০, ০০:৪৬

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে ১৫ দিনের জন্য লকডাউন চায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এই দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সুনির্দিষ্টভাবেই মনে করে চীন, দক্ষিণ কোরিয়া যেভাবে সংকট মোকাবিলা করেছে সেই পথে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে সারাদেশ ১৫ দিনের জন্য লকডাউন করে জনগণের খাদ্য, চিকিত্সাসেবা নিশ্চিত করার ব্যবস্থা করবে সরকার। সেই সঙ্গে শ্রমজীবী-দরিদ্র মানুষের প্রতিদিনের খাদ্য চাহিদা পরিপূরণের ব্যবস্থা করবে। পৃথিবীর বিভিন্ন দেশ এভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে এবং বর্তমান সরকারের সেই সক্ষমতাও আছে।