গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম মাসুদ রানা (৩৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, বন্দি মাসুদ রানা হঠাত্ বুকে ব্যথা অনুভব করে। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মাসুদ রানা মৃত্যুবরণ করে। মাসুদ রানা টঙ্গী পশ্চিম থানায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ছিল।
