বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাথেরো আর নেই

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:২৬

দ্বাদশ সংঘরাজ শ্রীমত্ ড. ধর্মসেন মহাথেরো আর নেই। তিনি ২০ মার্চ রাতে নগরীর রয়েল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি গত ১ জানুয়ারি থেকে রয়েল হাসপাতালে ভর্তি ছিলেন। দ্বাদশ সংঘরাজ কর্মজীবনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতিসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একাদশ সংঘরাজ ভদন্ত শাসনশ্রী মহাথেরো মহোদয়ের প্রয়াণের পর ২০০৪ সালে ২৯ জানুয়ারি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সভার ভিক্ষুসংঘের উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে উপসংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাথেরো মহোদয়কে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ পদে অভিসিক্ত করেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সভাপতি প্রকৌঃ দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গভীর শোকপ্রকাশ করেছেন।