করোনায় আক্রান্তদের অর্থদান করলেন ইতালির ফুটবলাররা

আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:১০

চীনের উহান প্রদেশ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হলেও বর্তমানে করোনায় সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে ইতালিতে। এখন পর্যন্ত ৪ হাজার ৮২৫ জন মানুষ এই মরণ ব্যাধি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ২১ মার্চে একই দিনে মারা গিয়েছেন রেকর্ড সংখ্যক ৭৯৩ জন। দেশের এমন অবস্থায় ইতালির ফুটবলাররা অর্থ সহায়তা করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।  

করোনা ভাইরাসের কাঁপছে ইতালি। দেশটিতে প্রতিদিনই মারা যাচ্ছেন বিশ্বের যেকোন দেশের চেয়ে বেশি মানুষ। ইতালিতে করোনা ভাইরাসের কারণে মৃত্যু মিছিল আটকাতে ব্যর্থ দেশটির সরকার।  তবে দেশ ও বিদেশের বহু মানুষ ও সংস্থা এই দুর্দিনে ইতালির পাশে থাকার আশ্বাস দিয়েছে।

ইতালির রাজধানী রোমের বিখ্যাত ক্লাব এএস রোমার ফুটবলাররা একদিনের বেতন একটি হাসপাতালে দান করেছেন। এমন সময় যে যেভাবে পারছেন আক্রান্তদের পাশে থাকার চেষ্টা করছেন। তাই ফুটবলাররাও পিছিয়ে থাকতে রাজি নন। ইতালিতে এখন সব ধরণের ফুটবল ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ইতালির বেশ কিছু তারকা ফুটবলার আক্রান্ত হয়েছেন করোনায়। জানা গিয়েছে, ইতালির সর্বকালের অন্যতম সেরা ডিপেন্ডার পাওলো মালদিনি ও তাঁর ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। 

এডিন জেকো, আলেক্সান্দার কোলারভ, নিকোলো জানিওলো ও লরেঞ্জো পেলেগ্রিনির মতো এএস রোমার ফুটবলাররা এই সময় দেশের মানুষের পাশে থাকতে পেরে গর্বিত। ৪ লাখ ৬০ হাজার ইউরোর মতো অর্থ তাঁরা দান করেছেন হাসপাতালে। 

ইত্তেফাক/এসআই