জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোট নেতা দিলীপ বড়ুয়া।
গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত্ শেষে প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাংবাদিকদের একথা বলেন তিনি। ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে সচিবের কাছে দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ ছাড়া বিএনপি ও ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও সচিবের কাছে আবেদন জানায় প্রতিনিধি দল।
পরে দিলীপ বড়ুয়া আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে উত্সবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি ও ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করেছে। এখন সেই সেনাবাহিনীকে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা। আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বার বার সব বিষয়ে অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এর মাধ্যমে নির্বাচন পরবর্তী সময়েও সংকট সৃষ্টির উদ্দেশ্য রয়েছে তাদের। এ সব বিষয়ে ইসির সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা ইসিকে বলেছি, কেউ যাতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিবৃতি বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য না দিতে পারে সেজন্য কমিশন তার অংশীজন রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দিতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একশ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ৩০ ডিসেম্বর নির্বাচন হবে এবং এ নির্বাচন শান্তিপূর্ণ হবে।
