বরোদা নারী ক্রিকেট দলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে সাবেক ভারতীয় ব্যাটসম্যান অতুল বেদাদেকে। গত মাসে হিমাচলের প্রাদেশিক টুর্নামেন্টে ৫৩ বছর বয়সি এই কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। বিসিএর সেক্রেটারি অজিত লেলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, বিসিএর নিরপেক্ষ কমিটির সদস্যদের প্রমাণের পরিপ্রেক্ষিতে তদন্ত চলাকালীন অবস্থায় ঘটনার সম্ভাব্য প্রভাব বিবেচনা করে তাকে বরখাস্ত করা হয়েছে।’ ১৯৯৪ সালে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বেদাদের। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ভারতের হয়ে মাত্র ১৩টি ওয়ানডে খেলার সুযোগ পান। অবসরের পর ২০১৯ সালের এপ্রিলে বরোদার নারী দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
