বিয়েতে রাজি না হওয়ায় যুবতীর চুল কেটে দিল বখাটে 

আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:৪২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েতে রাজি না হওয়ায় তানিয়া (১৯) নামে এক যুবতীর চুল কেটে দিয়েছে আল আমিন (২৫) নামের এক বখাটে। শুধু তাই নয়, ওই যুবতীর দেহে দেওয়া হয়েছে সিগারেটের আগুনের ছ্যাকা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার সদর পৌর সভার চামুরকান্দী গ্রামে। 

জানা গেছে, ওই গ্রামের ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ৬ মাস ধরে কামরানীরচর গ্রামের বিল্লালের মেয়ে তানিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তানিয়া তাতে রাজি হননি। এতে তানিয়ার ওপর ক্ষিপ্ত ছিল আল আমিন। শনিবার সন্ধ্যায় তানিয়া বরপা থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে এলে তানিয়াকে ৪/৫ জন যুবক রাস্তা থেকে তুলে আল আমিনের বাড়িতে নিয়ে যায়।

সেখানে নিয়ে তাকে বিয়ে করার জন্য তানিয়াকে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় আল আমিন ও তার লোকজন তানিয়ার চুল কেটে দেয় এবং হাতে, গালে  সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। সেই সঙ্গে তাকে মারপিটও করে। এরপর তাকে মেরে ফেলার জন্য বাড়ির পাশে চকে নিয়ে যায়। সেখান থেকে তানিয়া কৌশলে পালিয়ে এসে ঘটনা তার অভিভাবকদেরকে জানান। এ ব্যাপারে তানিয়ার মা মোমেলা বেগম বাদী হয়ে আজ রবিবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই রিপোট লেখা পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। 

ইত্তেফাক/কেকে