করোনা মোকাবেলায় সমালোচনা না করে এক সঙ্গে কাজ করি : নসরুল হামিদ

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:১৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, করোনা ভাইরাস শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্যই হুমকি। এই সংকটের সময় আসুন আমরা একে অন্যের সমালোচনা না করে এক সঙ্গে কাজ করি। রবিবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি এ আহ্বান জানান। 

নসরুল হামিদ বিপু বলেন, এখন পর্যন্ত যেহেতু করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই আমাদের যতটা সম্ভব এই ভাইরাস সংক্রমণকে প্রতিরোধ করতে হবে। সবার প্রতি আমার অনুরোধ প্রয়োজন ছাড়া আপনারা কেউ বাইরে বের হবেন না। যদি সম্ভব হয় তবে বাসায় বসে অফিসের কাজ করুন।

তিনি আরো বলেন, আমাদের মন্ত্রণালয়ের কাজগুলো আমরা অনলাইনের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সকল কর্মীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা খুব দ্রুতই আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও করোনা ভাইরাস শনাক্তের জন্য কিট আনতে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয় থেকে এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন হাসপাতাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেব। আপনারাও আপনাদের জায়গা থেকে এমন উদ্যোগ নিন। এই সংকটকালীন সময়ে যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসলে সম্মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবেলা করতে পারবো।

আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি করোনার কারণে বিদ্যুৎ ও আবাসিক গ্যাসের গ্রাহকরা কয়েকমাস দেরি করে বিল দিলেও তাদেরকে এর জন্য সারচার্জ দিতে হবে না। সবাইকে আশ্বস্ত করতে চাই, যত সংকটই থাকুক না কেন আগামীতে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবো।

মনে রাখবেন কোন সংকটই দীর্ঘস্থায়ী হয় না। আসুন আমরা সবাই মিলে এই সংকটে এক সাথে কাজ করি। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।


ইত্তেফাক/ইউবি