ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে উন্নয়নের চাকা থেমে যাবে: বাবলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

ঢাকা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, মহাজোট সরকার আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়ন-অগ্রগতির চাকা আরও দ্রুত ঘুরবে। আর কথিত জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে উন্নয়নের চাকা থেমে যাবে। সেই কারণে ৩০ ডিসেম্বর উন্নয়নের স্বার্থেই জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মহাজোট সরকার বিগত দশ বছরে যে উন্নয়ন করেছে তা এশিয়ার জন্য মাইফলক। আমাদের অগ্রগতিতে দেশীয় কুচক্রির পাশাপাশি কিছু বিদেশি চক্রও বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য সকল দেশপ্রেমিক শক্তিকে সজাগ থাকতে হবে। গতকাল বুধবার ৪৭নং ওয়ার্ডের আইজি ট্রাক স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির ভুঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, মাইনুদ্দিন চিশতি প্রমুখ।

এদিকে, ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে মঙ্গলবার আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে শ্যামপুর বালুর মাঠ থেকে গণমিছিল বের হয়।