কোটালীপাড়ায় এক জনকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৬

কোয়ারেন্টাইন না মানায় বিভিন্ন স্থানে জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় যুক্তরাজ্য প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার বান্ধাবাড়ী গ্রামে যুক্তরাজ্য থেকে ফিরে আসা ঐ যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এই জরিমানা করেন।

সিরাজদিখানে সৌদি প্রবাসীকে জরিমানা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজদিখানে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ জরিমানা করেন।

কাউখালীতে দুই প্রবাসীকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় কাউখালীতে রবিবার দুই জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা এই আদালত পরিচালনা করেন।