পটুয়াখালীতে ২১৬৫ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৬

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিদেশফেরতদের মধ্যে রবিবার পর্যন্ত ২ হাজার ১৬৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে দুই জনের করোনা সংক্রমণ সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

কুমিল্লায় ১ হাজার ৮৭ জন হোম কোয়ারেন্টাইনে

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা জেলায় ১ হাজার ৮৭ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রবাসী। রবিবার দুপুরে জেলা স্বাস্থ্য সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কিশোরগঞ্জে একদিনে ৩৭ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

৫৯ জন হোম কোয়ারেন্টাইনে

দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ২০৫ প্রবাসী

নরসিংদী প্রতিনিধি জানান, রবিবার পর্যন্ত নতুন করে বিদেশ ফেরত আরো ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত সর্বমোট ২০৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় আরো ২৯১ জন হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় আরো নতুন ২৯১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত সাতদিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ৬৯০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশানে রয়েছেন এক জন।

ঝিনাইদহে কোয়ারেন্টাইনে আরো ৬৯ জন

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত বিদেশ থেকে আসা ৩৩২ জন ও তাদের পরিবারের সদস্যসহ ৫৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আবার এর মধ্যে ২২০ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিন পার হওয়ায় তাদের অবমুক্ত করা হয়েছে। তবে রবিবার জেলায় বিদেশ থেকে আসা ৬৬ জনসহ ৬৯ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নাসিরনগরে ৪০ জন হোম কোয়ারেনটাইনে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ৪০ জন প্রবাসীকে নাসিরনগরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম।