করোনা ভাইরাস
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে শাখায় না এসে গ্রাহকদের বিকল্প উপায়ে লেনদেনের আহ্বান জানিয়েছে বিভিন্ন ব্যাংক। জনসমাগম এড়াতে কয়েকটি ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি এড়িয়ে লেনদেন স্বাভাবিক থাকবে বলে দাবি করছেন ব্যাংকাররা।
গতকাল রবিবার পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এমন অবস্থায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অনলাইন ব্যাংকিং, অ্যাপ, মোবাইল ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার ওপর জোর দিতে এরই মধ্যে আগাম সতর্কতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া জানুয়ারি-জুন সময়ে কেউ যথাসময়ে ঋণের অর্থ ফেরত দিতে না পারলে তাকে খেলাপি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি পণ্য ও রপ্তানি মূল্য দেশে আনার সময়সীমা ১২০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে। এরই মধ্যে রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের মোবাইলে খুদেবার্তার মাধ্যমে অনলাইনভিত্তিক সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে। সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে পালা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এরই মধ্যে বেসরকারি খাতের ইস্টার্ন, ব্যাংক এশিয়া, দি সিটি, ব্র্যাক, এনআরবিসহ কয়েকটি ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা একই সিদ্ধান্ত নিয়েছে।
