শনিবার রাতের এ ঘটনায় নিহত ১৫
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতির লবণ বোঝাই ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে চালক-হেলপার ও একই পরিবারের দুই ভাই রয়েছে। আহত হয়েছে অন্তত ছয় জন।
নিহতরা হলেন : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার আব্বাসউদ্দীনের দুই পুত্র জসিমউদ্দিন (২৮) ও হাফেজ বেলালউদ্দিন তাওরাত (১৭), নাইক্ষংছড়ির বাইশারী এলাকার কালা মিয়ার ছেলে মো. বাদশা (৩৮), চকরিয়া উত্তর হারবাং এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. আবদুস ছালাম (৭০), চুনতি মিরিখিল এলাকার আবদুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম (৪০), বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার আবদুল মাবুদের ছেলে মো. রুবেল (২০), লোহাগাড়া উপজেলার আধুনগর লোহারদিঘি পাড় এলাকার জাফর আহমদের ছেলে জহিরউদ্দিন (২৮) ও উত্তর কলাউজানের আবুল হোসেনের ছেলে মো. এনামুল হক (৪৪), লেগুনা চালক চকরিয়া উপজেলার মৃত ছৈয়দ আহমদের পুত্র মো. ফরহাদ (১৫), লামা উপজেলার আজিজনগরের আবদুর রশিদ (৫০), চকরিয়া গর্জনিয়া পাহাড় এলাকার নুর মোহাম্মদের পুত্র লেগুনার হেলপার মো. সুমন (১৫) ও নবী হোসাইন (৪০)। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর তিন জন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
