বঙ্গবন্ধুর বাংলা জন্মতারিখ

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪৪

গত ৭ চৈত্র ১৪২৬ (২১ মার্চ ২০২০) দৈনিক ইত্তেফাকের ‘পাঠকের অভিমত’-এ প্রকাশিত ‘মুজিববর্ষে একটি সাধারণ চাওয়া’ শিরোনামে বোরহান বিশ্বাসের একটি লেখা পড়ে দীর্ঘ ৯ বছর মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ও কারাবরণকারী ভাষাসৈনিক হিসেবে আমি চমত্কৃত হয়েছি। লেখাটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা জন্ম সাল ও তারিখ উল্লেখ করা নিয়ে। এ বিষয়ে ২০১৯ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউইয়র্কের ‘আজকাল’ পত্রিকায় প্রকাশিত আমার এক লেখায় বঙ্গবন্ধুর জন্মতারিখ ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চের পাশাপাশি ১৩২৬ বঙ্গাব্দের ৩ চৈত্র এবং মৃত্যুতারিখ ১৩৮২ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ উল্লেখ করার বিষয়ে আমি গণমাধ্যমসহ সর্বক্ষেত্রে প্রচারের ব্যাপারে আমার অভিমত ব্যক্ত করেছিলাম। বিষয়টি সবসময় গুরুত্ব সহকারে অনুসরণীয় এবং মুজিববর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকল অনুষ্ঠানে বাংলা তারিখও উল্লেখ করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচ্য বলে আমি বিশ্বাস করি।

শামসুল হুদা

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা