করোনা ভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট পণ্যে সকল ধরনের কর অব্যাহতি দিয়েছে সরকার। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে গতকাল এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে স্যানিটাইজ সংশ্লিষ্ট আইসোপ্রপাইল অ্যালকোহল, কোভিড-১৯ টেস্ট কিট, কোভিড-১৯ ডায়াগনস্টিক টেস্ট ইন্সট্রুমেন্ট, ডিজইনফেকটেড ইন বাল্ক (ডেইরি, পোলট্রি এবং কৃষি ব্যতীত), তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক, প্রতিরোধমূলক তৈরি পোশাক, মুখমণ্ডল আবৃতকারী প্রতিরোধক, হাসপাতালে ব্যবহূত প্রতিরোধমূলক পোশাক ও গ্লাভস এবং মেডিক্যাল প্রটেকটিভ গিয়ার এ সকল পণ্যে সকল ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণকারী শুল্ক, সম্পূকর শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ পণ্যসমূহ আমদানির ক্ষেত্রে এই সুবিধা অকার্যকর হইবে। আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কি না তা ঔষধ প্রশাসন অধিদপ্তর নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে। এই প্রজ্ঞাপনের সুবিধা ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
