কাল সকাল থেকে বন্ধ হচ্ছে প্রচারণা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রচার ও সভা-সমাবেশ কাল শুক্রবার শেষ হচ্ছে। কাল সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী ও রাজনৈতিক দল প্রচার কার্যক্রম চালাতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাত্ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপরই ফল প্রকাশ করা হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রায় ১ কোটি ২৩ লাখ ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮শ’ বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে বিপুল সংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থী অংশ নেওয়ায় এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।