গ্রেফতারের পর ১৭ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল হাওলাদার ওরফে জুনা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৭টি মামলা ছিল।

গতকাল রবিবার ভোরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সোহেলকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, নিহত সোহেল হত্যা মামলাসহ ১৭ মামলার আসামি। মাদক মামলায় কয়েকদিন আগে গ্রেফতার হন তিনি। শনিবার রাতে তাকে নিয়ে নাগদারপার এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলিতে সোহেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, সোহেল বিভিন্ন সময় জেলে ছিলেন। প্রায় আট মাস আগে তিনি জামিনে বের হন। শনিবার রাতে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরেন। মাদকের কেনাবেচার জন্য তিনি প্রায়ই কক্সবাজার যাতায়াত করতেন। জিজ্ঞাসাবাদে তিনি বেশ কয়েকজন ইয়াবা কারবারির নাম বলেছেন। গতকাল দুপুরে সোহেলের ভাই জামাল হাওলাদার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ভাইয়ের লাশ নিতে এসে বলেন, তার ভাই ফলের ব্যবসা করতেন। সোহেল বর্তমানে মুগদা এলাকায় স্ত্রী শাহনাজকে নিয়ে থাকতেন। শনিবার বিকালে চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।