করোনা ভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিত্সক ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের জন্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের প্র্রেক্ষিতে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া চিকিত্সক, নার্স ও স্টাফদের জন্য পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সার্জিক্যাল মাস্ক, গাউন, সু কভার, গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার কি পরিমাণ লাগবে তার তালিকা তৈরি করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঐ কমিটিকে তালিকা করতে বলা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে রাখতে বলা হয়েছে।
চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
