বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করানোয় প্রধান শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:৩৯

করোনা ভাইরাসসংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর কারণে বরিশাল টাউন স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়।

জেলা প্রশাসক এম এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্দেশ অমান্য করে কোচিং করানোর দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিন সদর রোড এলাকায় অভিযান চালিয়ে অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্সের নিচে রাজিয়া মেডিকেল হলে বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে দোকানমালিক রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।