বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের প্রচারণায় গত ১৮ মার্চ হামলার ঘটনায় খোর্দ্দবলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফাজ উদ্দিনকে প্রধান আসামি করে ৬৭ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ১০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাজুরপাড়া গ্রামের বিএনপি কর্মী বিল্লাল হোসেন বাদী হয়ে গত শনিবার সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
গত ১৮ মার্চ উপজেলার তাজুরপাড়া ও চান্দিনানোয়ার পাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় হামলা, নৌকা ও ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া এবং সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়। এ সময় গাড়ি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের পক্ষে রবিউল হাসান বাবুল বাদী হয়ে শাহিন রেজাকে প্রধান আসামি করে বিএনপির ৫৪ জন নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ইতিপূর্বে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
