করোনা সংক্রমণ প্রতিরোধ

গৌরনদীতে প্রবেশপথ বন্ধ করে দিয়েছে প্রশাসন পুলিশ পাহারা দিচ্ছে

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০০:৩৭

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশালের গৌরনদী ও মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঢাকা-বরিশাল মহাসড়ক ছাড়া গৌরনদীতে প্রবেশের সড়কপথ থেকে শুরু করে পালরদী নদীর ১২টি খেয়াঘাট লকডাউন করে পাহারা বসিয়েছে পুলিশ ও গ্রাম পুলিশ। মাদারীপুরে করোনা আক্রান্ত চিহ্নিত হওয়ায় গৌরনদীতে যাতে এ ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে, সে জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সীমান্ত বন্ধ করায় রবিবার ঘোষাইরহাট ও টরকীচর ব্রিজের দুই প্রান্তে শত শত মানুষ জড়ো হলে পুলিশ ব্রিজের ওপর বাঁশ দিয়ে বেড়া তৈরি করে পথ আটকে দিয়েছে।

টরকী বন্দর খেয়াঘাটের নৌকার মাঝি রাকিব হাওলাদার বলেন, ‘পালরদী নদীতে আমরা প্রতিদিন তিনটি খেয়া নৌকায় মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্বাঞ্চলের চার সহস্রাধিক মানুষ ও মালামাল পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছি। করোনা বিস্তার রোধের জন্য শনিবার পুলিশ খেয়ানৌকায় পারাপার বন্ধ করে দেয়।’

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার লোকজন দিনরাত গৌরনদীতে অবাধে যাতায়াত করে আসছে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য শনিবার থেকে টরকী বন্দরে পালরদী নদীর ওপর  ব্রিজে পুলিশ পাহারা দিচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন,  করোনা প্রতিরোধে সীমান্ত এলাকা বিশেষ করে পালরদী নদীর খেয়াঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড পুলিশের নজরদারিতে রয়েছে।