ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডে দোকান বন্ধ রাখতে মাইকিং

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০০:৪৭

করোনা প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে দোকান বন্ধের গণবিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি সাইদুল ইসলাম মাদবর। বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করারও ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটি ও ছোটো-বড়ো সব ধরনের খাবারের দোকান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্যের কথা উল্লেখ করে হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইলসহ শুধু প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর হাজি সাইদুল ইসলাম মাদবর বলেন, আমরা সবাইকে সচেতন করার জন্য এই বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করার ব্যবস্থা করেছি। জরুরি দোকানগুলো ছাড়া আর কোনো দোকান খোলা থাকবে না। অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টনও একই ঘোষণা দিয়েছেন তার এলাকার জন্য। তিনি তার এলাকার সকল খাবারের দোকান বন্ধ রাখার জন্য আহবান জানিয়েছেন।