এবার হোম কোয়ারেন্টাইনে অ্যাঞ্জেলা মার্কেল

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৪:২৮

করোনা সংক্রমণের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নেওয়া বিশ্ব নেতাদের তালিকায় যোগ হলো আরেকটি নাম। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এবার নিজ ইচ্ছায় বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে গেলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে নেন। 

মার্কেলের মুখপাত্র স্টিফেন সেবার্ট জানান, রবিবার একটি সংবাদ সম্মেলনের পরই ওই চিকিৎসকের করোনা আক্রান্তের খবর জানানো হয়। গত শুক্রবার ওই চিকিৎসক মার্কেলকে একটি ভ্যাকসিন দেন। এই তথ্য পাওয়ার পরেই অ্যাঞ্জেলা মার্কেল নিজ ইচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যান। 

সেবার্ট আরো বলেন, আগামী দিনগুলোতে নিয়মিত তার পরীক্ষা করা হবে। তিনি চ্যান্সেলরের সব দায়িত্ব বাড়ি থেকেই পালন করবেন। 

করোনায় বিস্তরভাবে সংক্রমিত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচে। রবিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭১৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।

ইত্তেফাক/জেডএইচডি