উখিয়ায় তিনটি রিসোর্টকে কোয়ারান্টাইন ঘোষণা 

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২০:০৩

করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রয়োজনে লকডাউন করা হবে। এটা নির্ভর করবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনার ওপর। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীদের মাঝে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণপূর্বক তাদের সেবার জন্য ইনানীর তিনটি রিসোর্টকে কোয়ারাইন্টানে হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।  

সোমবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে ঢাকা থেকে মুঠোফোনে ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, প্রয়োজনে সবকিছু লকডাউনের আওতায় আনা হবে। 

রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউএনও জানান, এখন ক্যাম্প বন্ধ করলাম, এতে রোহিঙ্গারাতো আর ঘরে বসে থাকবে না। তারা তাদের মতো করে নিয়মিত কাজকর্ম ও চলাফেরা অব্যাহত রাখবে। তাছাড়া লকডাউন করলে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও সেবা কার্যক্রমের জন্য ৩৪টি ক্যাম্পে ১১শ’ কর্মচারী প্রয়োজন হবে। আমি যখন রোহিঙ্গাদের লকডাউন করে দিবো তখন এ কাজগুলো করবে কে? 

তিনি আরো জানান, লকডাউন আজকেই করে দিতে পারি। কিন্তু কিছু বিষয় মাথায় রেখে আপাতত লকডাউনের কথা ভাবছি না। তবে যেভাবে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য উপজেলা প্রশাসন পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 

উখিয়ার সার্বিক পরিস্থিতি এখনো মোটামুটি অবস্থায় আছে দাবি করে তিনি আপদকালীন সময়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। 

আরো পড়ুন: করোনা আতঙ্কে যৌনকর্মীরা, কাজ বন্ধের সিদ্ধান্ত

এদিকে উপজেলার ইনানী বিচের পাশে মেরিন ড্রাইভ ও এলজিইডি’র সড়কের মধ্যবর্তী স্থানে অভিজাত লা বেলা রিসোর্ট, পেভেল স্টোন রিসোর্ট ও রয়েল স্টোন রিসোর্টকে জেলার প্রথম প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষণা করা হয়েছে বলে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

তিনি বলেন, উখিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের সেখানে রেখেই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।  

গত ২২ মার্চ কক্সবাজার জেলা প্রশাসন প্রতিটি উপজেলায় কমপক্ষে ১০০ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন তৈরি করতে জরুরি পত্র দেওয়ায় উপজেলা প্রশাসন ওই তিনটি রিসোর্টকে কোয়ারান্টাইন হিসেবে রিকুইজিশন করা হয়েছে। এই তিনটি রিসোর্টে কমপক্ষে ১৫০ জনের কোয়ারান্টাইন বেড প্রস্তুত করা যাবে।

তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন বলে জানান। ৩ টি রিসোর্টে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টার হিসাবে ইতিমধ্যে সাইনবোর্ড লাগানো হয়েছে।

ইত্তেফাক/এএএম