নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০৭

মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে তিনি খেলেননি। তবে হাবিবুল বাশার সুমনের সতীর্থ ছিলেন দীর্ঘ সময়। বলা চলে হাবিবুল বাশারের অধিনায়কত্বের সময়েই সেরা রূপে আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। এবার সেই হাবিবুলের আরেকবার সতীর্থ হওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের এক সময়ের সেরা বাঁহাতি স্পিনার রাজ্জাকের সামনে। তিনি হয়ে যেতে পারেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নির্বাচক আরো বাড়ানোর পরিকল্পনা করছে। অনেকদিন ধরেই সিনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করছেন কেবল নান্নু ও হাবিবুল। এবার তাদের সঙ্গে আরো দুই বা তিন সদস্য যোগ করার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় দলের সাবেক স্পিনার রাজ্জাককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আব্দুর রাজ্জাক অবশ্য এখনো এই প্রস্তাবে সম্মতি বা অসম্মতি প্রদান করেননি। তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিতে চান।

বাঁহাতি স্পিনারটিকে নিয়ে এ রকম ভাবনার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘আমি হাবিবুল বাশারকে বলেছি, আমাদের পক্ষ থেকে নির্বাচক হওয়ার প্রস্তাবে ওর (রাজ্জাকের) চিন্তাটা জানার জন্য। রাজ্জাক একটু সময় নিচ্ছে। কারণ ও তো এবার ডিপিএল (ঢাকা লিগ) খেলছে। আমরা ঠিক নিশ্চিত নই যে, ও নিজের ক্যারিয়ার আরো লম্বা করতে চায় কি না।’

রাজ্জাক এখনো ভালো মতোই খেলার মধ্যে আছেন। দেশের শীর্ষ প্রথম শ্রেণির উইকেট সংগ্রাহক তিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স তার। ২০১৪ সাল থেকে জাতীয় দলে অনেক ভালো পারফরম্যান্স করে সুযোগ না পেলেও ২০১৮ সালে হঠাত্ করেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে ডাক পেয়েছিলেন। সেখানে প্রথম ইনিংসেই ৪ উইকেট নিলেও এরপর আবার ব্রাত্য হয়ে যান তিনি। রাজ্জাক মনে করেন, তার খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা এখনই সোজা না।

এক সংবাদ মাধ্যমকে রাজ্জাক বলেছেন, ‘হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো খানিকটা সময় চেয়েছি। আমি বলেছি, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হলে আমি এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাব। এখন ঢাকা লিগ যেহেতু স্থগিত হয়ে আছে, আমি হয়তো এই ব্যাপারে ভাবব।’

নির্বাচক হওয়ার সিদ্ধান্ত নিতে হলে খেলা ছেড়ে দিতে হবে। এটাই রাজ্জাকের ভাবনাকে মূলত কঠিন করেছে। তিনি বলছিলেন, ‘এই নতুন দায়িত্ব নিলে আমাকে ক্রিকেট (খেলা) ছেড়ে দিতে হবে। আমার জন্য এটা সোজা সিদ্ধান্ত নয়। কারণ, আমি লম্বা সময় ধরে এই ক্রিকেট খেলা নিয়েই বেঁচে আছি। আমাকে তাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবতে হবে। পরে যেনো আমি নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস না করি।’

জাতীয় দলের হয়ে রাজ্জাক ১৩ টেস্টে ২৮টি, ১৫৩ ওয়ানডেতে ২০৭টি এবং ৩৪ টি-টোয়েন্টিতে ৪৪টি উইকেট পেয়েছেন। এছাড়া একমাত্র বোলার হিসেবে তিনি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়েছেন। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩৪ উইকেট শিকার করেছেন তিনি।

যতদূর জানা গেছে, রাজ্জাক ছাড়াও আরো দুই জন সাবেক ক্রিকেটারকে নির্বাচক পদে চাইছে বিসিবি। সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস ও সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলামকে এই পদের জন্য ভাবা হচ্ছে বলে জানা গেছে।