করোনা ভাইরাস মাঠের ফুটবলকে থমকে দিলেও লিভিংরুমের ফুটবলের জন্যে খুব বড়ো সমস্যা হয়ে উঠতে পারেনি। লা লিগা সান্তান্দের ফিফা ২০ টুর্নামেন্ট তারই প্রমাণ। করোনার ‘অবকাশে’ হওয়া এই টুর্নামেন্টের মার্কো অ্যাসেনসিওর নৈপুণ্যে শিরোপা উঠেছে রিয়াল মাদ্রিদের ঘরে।
লা লিগা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফুটবল লিগই বর্তমানে বন্ধ আছে করোনা ভাইরাসের আতঙ্কে। চীন, ইরান, ইতালির পর স্পেনেও রোগটি প্রকট আকার ধারণ করতে শুরু করেছে ধীরে ধীরে। স্পেনের করোনাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এক মহত্ প্রস্তাব নিয়ে আসেন স্প্যানিশ ইস্পোর্টস খেলোয়াড় ইবাই ইয়ানোস।
স্প্যানিশ লিগের ২০ দলকে নিয়ে তার অনলাইন ফিফা ২০ টুর্নামেন্টের আয়োজনের প্রস্তাবে সায় মেলে লা লিগা কর্তৃপক্ষেরও। এই আয়োজন সম্প্রচার থেকে পাওয়া অর্থ যে যাবে করোনার তহবিলে! স্পোর্টসের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনামির পৃষ্ঠপোষকতার চুক্তিতে থাকা বার্সেলোনা ও রিয়াল মায়োর্কা এই টুর্নামেন্টে চুক্তির শর্তের কারণে খেলতে পারেনি।
বার্সেলোনা না থাকলেও টুর্নামেন্টের আগ্রহ কমেনি এতটুকুও। লেগানেসের আইতর রুইবালের বিপক্ষে রিয়ালের আসেনসিওর ফাইনালটিই যেমন টিভিপর্দায় উপভোগ করেছে ১ লাখ ৭০ হাজার দর্শক! টুর্নামেন্টের শুরু থেকেই দাপট ছিল আসেনসিওর। করিম বেনজেমাকে বসিয়ে আক্রমণে রেখেছিলেন এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও নিজেকে। তাতেই যেন দুর্দমনীয় হয়ে উঠল তার দল! কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালকে পাঁচ, সেমিফাইনালে এইবার কে সাত আর ফাইনালে তার দলের করা চার গোল তো তারই সাক্ষ্য দেয়! গত রবিবারের ফাইনালে লেগানেসকে ৪-২ গোলে হারায় আসেনসিওর রিয়াল।
স্প্যানিশ টিভিতে সম্প্রচারিত হয়েছে প্রতিযোগিতাটি। যা থেকে আয়ের অঙ্কটাও নেহায়েত মন্দ নয়। তহবিলে এসেছে এক লাখ ৪০ হাজার ইউরোরও বেশি অর্থ যা ব্যয় হবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সার কাজে। স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ২১৮২ জনের।
