একদিন রফিক ও শফিক নামে দুই বন্ধু গল্প করছিল। কথা প্রসঙ্গে রফিক বলল, আমার ছেলে আব্বাস ম্যাট্রিক পাশ। শুনে শফিক বলল, ম্যাট্রিক পাশ করলে কী হবে সে আইএ পাশ করতে পারবে না। রফিক বলল, সে আইএ পাশ করেছে। শফিক বলল, আইএ পাশ করলে কী হবে সে কখনো বিএ পাশ করতে পারবে না। রফিক বলল, সে বিএ পাশ করেছে। মাথা চুলকাতে চুলকাতে শফিক বলল, বিএ পাশ করলে কী হবে, সে এমএ পাশ করতে পারবে না। রফিক জোর দিয়ে বলল, আব্বাস এমএ পাশ করেছে। শফিক এবার বলল, এমএ পাশ করলে কী হবে সে চাকরি পাবে না। রফিক বলল, সে চাকরিও পেয়েছে। শফিক বলল, চাকরি পেলে কী হবে সে বেতন পাবে না। রফিক জোর দিয়ে বলল, সে বেতনও পেয়েছে। শফিক বলল, আব্বাস বেতন পেলে কী হবে সে সব টাকা খরচ করে ফেলবে।
এটি বাংলাদেশের একটি প্রচলিত গল্প। আমাদের মধ্যে একশ্রেণির লোক আছে, যারা কখনো পরের ভালো সহ্য করতে পারে না। পরশ্রীকাতরতা বলে বাংলা ভাষায় একটি শব্দ আছে। কোনো বিদেশি ভাষায় যার প্রতিশব্দ নেই।
শাহ্জাহান কিবরিয়া
বাড়ি ৫৯, রোড ৫/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯
