করোনা যেভাবে ছড়ায়

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৫

ডেঙ্গু, চিকনগুনিয়া, বার্ডফ্লু, সোয়াইনফ্লুসহ বিভিন্ন জ্বরের ভাইরাস ও রোগ-জীবাণু সাধারণত পশুপাখি ও কীট-পতঙ্গের দ্বারা সংক্রমিত হয়ে থাকে। আর করোনা ভাইরাস শুধুই মানুষের দ্বারা ছড়ায়। পশুপাখি ও কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ করে অন্যান্য রোগ প্রতিরোধ করা গেলেও সচেতন ও বিবেক-বুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তিন মাস আগে চীনে সাম্প্রতিক করোনা ভাইরাসের আক্রমণ শুরু হয়েছিল। বিশ্বের অন্যান্য দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে তখনই সতর্ক করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সম্প্রতি করোনা আক্রান্ত ইতালি, স্পেন, আমেরিকা ও সৌদিআরবসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ দেশে আসছেন। তাদের অনেকের শরীরেই করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের প্রায় সকলকেই নিজ নিজ বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে এদের নজরদারিতে রাখারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাইরাস সংক্রমিত বিদেশ ফেরতদের চিহ্নিত করে আলাদা করা জরুরি। স্থানীয়ভাবেই এদের কোয়ারিনটাইনের ব্যবস্থা করে পরিবারের অন্য সদস্যদের থেকে পৃথক করার ব্যবস্থা নিতে হবে। রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে। ওয়ার্ড পর্যায়ে প্রতিটি পাড়ায়, মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সদস্যরা সচেতন থাকলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর