করোনা সংক্রমণ এড়াতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে প্রতিরোধক উপকরণ বিতরণ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৭

করোনা সংক্রমণ এড়াতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ থেকে দ্বিতীয় দিনের মতো বরিশালের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় রিকশার সিট ও হাতলে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে দেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক বরিশালে না থাকলেও তার পক্ষে দ্বিতীয় দিনের মতো সোমবার হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তৃণমূল পর্যায় পর্যন্ত করোনা প্রতিরোধক এসব সামগ্রী বিতরণ করার কথা জানান তারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও ছাত্রলীগ নেতা জুবায়ের আবদুল্লাহ জিন্নাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রচারণা চালানো হচ্ছে। এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না বরং সবাইকে সচেতন হতে হবে। তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিরতণ করা হয়েছে। তিনি বলেন, আমি সকলকে অনুরোধ জানিয়েছি যাতে কোনো জনসমাগম, কিংবা বড়ো কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন এখন না করে। একই সঙ্গে যারা বিদেশফেরত রয়েছে তাদেরকেও আহ্বান জানানো হয়েছে নিজের এবং অন্যের ভালোর জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার। তবে তারা অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া রয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। এর আগে গত রবিবারও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বাসদের পক্ষ থেকে বরিশালে করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।