শেরপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে। এসব ওষুধের মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা হবে। সোমবার দুপুরে শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ওষুধ ভান্ডার থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্য সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে এই কেন্দ্রের তিনতলা ভবনটি পরিষ্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে এদিন দুপুরে কেন্দ্রের ওষুধ ভান্ডারটি পরিচ্ছন্ন করার সময় দেখা যায়, সেখানে অব্যবহূত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এর মধ্যে স্যালাইন, গজ-ব্যান্ডেজসহ অজ্ঞান করার ও অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে। এ ছাড়াও বন্ধ্যাত্বকরণ উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য শাড়ি ও লুঙ্গি রয়েছে। পরে এসব ওষুধ ও অন্যান্য সামগ্রীর অধিকাংশ ভান্ডার থেকে ভবনের ছাদে নেওয়া হয়। এদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধারের সংবাদ পেয়ে দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. পীযূষ চন্দ্র সূত্রধর মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এতে চিকিত্সা কর্মকর্তা (ক্লিনিক) মোস্তাফিজুর রহমানের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে দেখা ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
