পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাস আতঙ্ক মুক্ত করতে জনসমাগম ও চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁর আড্ডাবাজি বন্ধে টিভি ও বসার টেবিল, চেয়ার অপসারণে রাতভর অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার দিনগত মধ্যরাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরসহ ১১ ইউনিয়নের হাটবাজারে অভিযান চালায়। এ সময় জনসমাগম রোধে চায়ের দোকান থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর টেবিল-চেয়ার, টুল ও টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। ফলে দ্রুত ব্যবসায়ীরা দোকানে থাকা টেলিভিশন, টেবিল, চেয়ার সরিয়ে ফেলেন।
পরে হ্যান্ড মাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস হাটবাজারে গণজমায়েত রোধে জনসাধারণকে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, গণজমায়েত রোধে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
