হোম কোয়ারেন্টাইন মানছেন না বদরগঞ্জের প্রবাসীরা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:৩০

সরকারি নির্দেশনা মানছেন না বদরগঞ্জ উপজেলার বিদেশফেরত প্রবাসীরা। বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা বাড়িতে এসে দেদারছে ঘুরে বেড়াচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্ব-স্ব এলাকার মানুষরা। সেই সঙ্গে ডাক্তারদের সুরক্ষা ব্যবস্থা না থাকায় জ্বর সর্দি কাশিজনিত রোগে আক্রান্ত মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাক্তাররাও ভয়ে রোগী হতে দূরে থাকছেন।   উপজেলা প্রশাসন ও বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৫৪ জন প্রবাসীর মধ্যে মাত্র ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে তারা সক্ষম হয়েছেন। বাকি ৩৭ জনকে তারা খুঁজে পাচ্ছেন না।  

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, আমরা ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে পেরেছি। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির ঠিকানাও ভুল দেওয়া আছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন জানান, জ্বর সর্দি ও কাশিজনিত রোগীদের বেশির ভাগই আমরা মোবাইল ফোনের মাধ্যমেই সেবা প্রদান করছি। অচিরেই আমাদের এ সমস্যার সমাধান হয়ে যাবে।