থানা পুলিশের তালিকা অনুযায়ী চলতি মাসে ১৪০ জন বিভিন্ন দেশ থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে পারলেও বাকি ৭৬ জনের কোনো হদিস পাচ্ছে না। হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও বিদেশফেরত এসব ব্যক্তির তথ্য নেই স্বাস্থ্য বিভাগেও। গোয়েন্দা পুলিশের সদস্য ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, এসবি থেকে পাঠানো তালিকার মধ্যে ৬৪ জনের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে ৫৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পৌর মেয়র ও তার স্ত্রীসহ ৯ জনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রম করায় তারা হোম কোয়ারেন্টাইনে নেই। তবে তালিকার ৭৬ জনের কোনো তথ্য পাওয়া যায়নি। তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনায়েতুল্লাহ নাজিম জানান, কেউ নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এ কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
