সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র তৃতীয়

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:২৯

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখন বিশ্বে তৃতীয় স্থানে। দেশটির ৩৪ টি রাজ্যে ৪৭১ জনের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাস মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ভারতের ৮০টি শহর লকডাউন করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কেবল লকডাউন করে এই ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে না।

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ১৫ হাজার ১৮৯ জন। একদিনে মারা গেছে ৭৯১ জন। ইউরোপের ইতালি এখন আক্রান্তের তালিকায় প্রথম স্থানে। দেশটিতে ৫৯ হাজার ১৩৮ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের। তবে সেখানে গতকাল নতুন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।              ভাইরাসের উত্পত্তিস্থল চীনে আক্রান্ত ৮১ হাজার ৯৩ জন। মারা গেছে ৩ হাজার ২৭০ জন। এর মধ্যে নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের তালিকায় তৃতীয় এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪৭১ জন মারা গেছে। একদিনে ১২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩৫ হাজার ২২৪ জন। দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ভাইরাস প্রতিহত করতে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন এই তিন রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। তারা মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করবে এবং মেডিক্যাল স্টেশন বানাবে। জাতীয় ত্রাণ সহায়তার জন্য একটি তহবিল আটকে দিয়েছে সিনেট।

স্পেনে আক্রান্ত ৩৩ হাজার ৮৯ জনের মধ্যে ২ হাজার ১৮২ জন মারা গেছে। এর মধ্যে একদিনে মৃত্যু ৪৬২ জনের। ইরানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে সেখানে ১২৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১ হাজার ৮১২ জন। আক্রান্ত ২৩ হাজার ৪৯ জন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ইরানের নাগরিকদের জিনগত তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্র এই ভাইরাস তৈরি করেছে বলে দাবি করেন।

ভারতে চার শতাধিক লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন যার মধ্যে মারা গেছে ৭ জন। দেশটির ৮০ শহরে লকডাউন করা হয়েছে। নানা শহরে ভিন্ন ভিন্ন তারিখ পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করে দিয়েছেন, অনেক লোকই কর্তৃপক্ষের বিধিনিষেধগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। তিনি রাজ্যগুলোকে কঠোরভাবে লকডাউন কার্যকর করতে বলেছেন। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বাইয়ে কারফিউ জারি হয়েছে। কলকাতায় একজনের মৃত্যু হয়েছে যার বিদেশ ভ্রমণের রেকর্ড ছিল না। সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের কর্তৃপক্ষ তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে। একই পদক্ষেপ নিয়েছে কুয়েত এবং বাহরাইনও।

ভাইরাসের বিস্তার রোধে দেশে দেশে লকডাউন চলছে। কিন্তু কেবল লকডাউনই যথেষ্ট নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্কালীন বিশেষজ্ঞ মাইক রায়ান। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, লকডাউন করে ভাইরাস সংক্রমণে আপাতত রাশ টানা গেলেও ভবিষ্যতে তা আবার ফিরে আসতে পারে। ফলে তা ঠেকাতে জনস্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের বাসভবন বাকিংহাম প্রাসাদে থাকাকালে সেখানকার এক রাজকর্মীর দেহে করোনাভাইরাস ধরা পড়ে। ‘পূর্বসতর্কতা’ হিসেবে বৃহস্পতিবার ৯৩ বছর বয়সী রানিকে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। এর আগে তার সব ধরনের সূচি বাতিল করা হয় এবং তিনি সুস্থ আছেন বলে জানা যায়। ঐ রাজকর্মী রানির কতোটা কাছাকাছি ছিলেন তা পরিষ্কার হয়নি। সূত্র : এএফপি, আল জাজিরা ও পিটিআই