নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাসেম (৭৩) গতকাল সোমবার ঢাকার আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর সানজিনা সুলতানার শ্বশুর। গতকাল রাতে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জানাজা শেষে অধ্যাপক হাশেমের দিঘিরপাড়ে দাফন করা হয়েছে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অধ্যাপক হাসেম তার জীবদ্দশায় ‘আঙ্গো বাড়ী নোয়াখালী রয়াল ডিস্ট্রিক ভাই’সহ নোয়াখালীর আঞ্চলিক জনপ্রিয় গান ও নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অসংখ্য গান রচনা করেছেন। পাশাপাশি তিনি নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
