আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের আট জন মন্ত্রী, একজন সাবেক মন্ত্রীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কটূক্তি করায় বকশীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সওদাগর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের সওদাগর পাড়ার আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার নিজ নামে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলমসহ সরকারের দায়িত্বশীল ৯ জন ব্যক্তির ছবি সংযুক্ত করে কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে আপলোড করে। এর আগে গত ১৪ জানুয়ারিও পৃথক একটি স্ট্যাটাসে ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে বকশীগঞ্জ থানার পুলিশ সুমন সওদাগরকে বাড়ি থেকে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তাকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
