আমরা এক অস্বাভাবিক সময়ের মুখোমুখি

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:৪৫

করোনা ভাইরাস নিয়ে ওন্টারিও পার্লামেন্টের স্কারবোরো সাউথওয়েস্টের বাংলাদেশি এমপিপি ডলি বেগম জনসচেতনতা বিষয়ে এবং মানুষকে সাহস জুগিয়ে গত রবিবার একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন—‘কোভিড-১৯ (করোনা ভাইরাস) আমাদের জনজীবনে এক অস্বাভাবিক সময়ের সূচনা করেছে। আপনারা এরই মধ্যেই জেনেছেন যে, প্রাদেশিক সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সব স্কুলসহ বেশ কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখতে বলেছেন। আমি এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশের জন্য সরকারের কাছে চিঠি লিখেছি এবং শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীদ্বয়ের সঙ্গে কথা বলেছি। ফেডারেল সরকারও বিশাল অঙ্কের অর্থসাহায্য ঘোষণা করেছেন। তবে এই সাহায্য সাধারণ জনগণ কীভাবে পেতে পারেন, তা নিয়ে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। আমি এবং আমার স্টাফ এ ব্যাপারে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। ফেডারেল সরকার তাদের ঘোষিত সাহায্যের ব্যাপারে বিস্তারিত জানতে www.canada.ca/coronavirus ওয়েবসাইটে যেতে অনুরোধ করেছেন’। তিনি আরো বলেন, ‘সিটি অব টরন্টো এর মধ্যেই অপরিহার্য নয় এমন সব পরিষেবা/কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। বেশ কয়েকটি হাসপাতালের কাছাকাছি অস্থায়ী টেস্ট সেন্টার স্থাপন করা হয়েছে। ...এ ধরনের সময়ে গুজব এবং ভুল তথ্য আমাদের সবচাইতে বেশি ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে অনুরোধ করব করোনা ভাইরাসবিষয়ক নির্ভরযোগ্য তথ্যের জন্য www.toronto.ca/coronavirus ওয়েবসাইটে চোখ রাখুন। স্কারবোরো সাউথওয়েস্টে কোভিড-১৯ এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে DolyBegum.ca/coronavirus ভিজিট করার জন্য অনুরোধ করছি।’

ডলি খোলা চিঠিতে আরো অবগত করেন, ‘আমরা এক অস্বাভাবিক সময়ের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়ংকর বিস্তারকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের স্বার্থে, আমাদের পরিবার আর বন্ধুদের স্বার্থেই স্বাস্থ্য বিভাগের দিকনির্দেশনা মেনে চলার জন্য আন্তরিক অনুরোধ করছি...।’ পরিশেষে ডলি বলেন, ‘নানান প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের জরুরি অবস্থা মোকাবিলা করেই আমরা বিজয়ী হয়ে এসেছি। করোনা ভাইরাস প্রতিরোধের এই যুদ্ধেও আমরা জয়ী হবো। শুধু প্রয়োজন সচেতনতা আর মনোবল।’