শ্যামলেন্দু পাল
নেত্রকোনা জেলায় কর্মরত পাঁচ নারী অফিসারকে নেত্রকোনা বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে। যাদের এই সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. সাবিহা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার, দুর্গাপুর সার্কেল এএসপি মাহমুদা আক্তার নেলী, জেলা মহিলা বিষয়ক অফিসার ফেরদৌসী বেগম এবং নেত্রকোনা কারাগারের জেলার ফারহানা আক্তার।
সম্প্রতি নেত্রকোনার স্বাবলম্বী উন্নয়ন সমিতির অফিস প্রাঙ্গণে সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পাঁচ নারী অফিসারকে বরণ করে নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। অন্যান্যের মধ্যে ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক নারী সংগঠক বেগম রোকেয়া। এ পাঁচ নারী অফিসারকে সম্মাননা দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, নারীদের অর্থনৈতিক উন্নয়ন হলে একটা দেশ আপনা আপনিই উন্নতির দিকে ধাবিত হয়।
নেত্রকোনার এই পাঁচ নারী ভিন্ন এলাকার হলেও তারা যেখানেই কাজ করেন সেখানে তারা নারীদের উন্নয়নে কাজ করবেন বলে আমরা আশা রাখি। পাঁচ জন অফিসার তাদের প্রতিক্রিয়ায় বলেন, নিজে এক জন নারী হিসেবে নারীদের উন্নয়নে কাজ করা আমাদের আদর্শ হওয়া উচিত। আমরা সেভাবেই কাজ করি।
