হাফিজকে সতর্ক করল পিসিবি

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৪৪

শাস্তি পাওয়া ক্রিকেটারদের শীর্ষ পর্যায়ে ফেরা নিয়ে সবসময়ই আপত্তি করে এসেছেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সেই নীতি ধরে রেখেই সার্জিল খানের শীর্ষ পর্যায়ে ফেরা নিয়েও আপত্তি তুলেছেন হাফিজ। কিন্তু তার এই আপত্তিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা হাফিজকে নিজের খেলা নিয়ে ভাবার জন্য বলেছে; অন্য কাউকে নিয়ে ভাবার দরকার নেই বলে জানিয়ে দিয়েছে।

২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতির অপরাধে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন সার্জিল খান। এরপর তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবার পিএসএল দিয়ে খেলায় ফিরেছেন তিনি। পারফরম্যান্স যদিও বলার মতো কিছু না। ফিটনেসও ছিল খারাপ।  তারপরও সার্জিলের এই পিএসএল খেলাটা মেনে নিতে না পেরে হাফিজ টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মর্যাদা ও গর্বের চেয়ে অন্য কোনো ‘বাড়তি প্রতিভা’ দিয়ে মানদণ্ড নির্ধারণ করা উচিত নয়।’ হাফিজের এমন মন্তব্য ভালোভাবে নেননি পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। লাহোরে ভিডিও বার্তায় কড়া ভাষায় তিরস্কার করেছেন ৩৯ বছর বয়সি অলরাউন্ডারকে, ‘অন্য খেলোয়াড়দের সমালোচনা করা বা ক্রিকেট বোর্ডের নীতিমালা কেমন হওয়া উচিত বা উচিত নয়, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা বর্তমান খেলোয়াড়দের জন্য ঠিক নয়। বিশ্ব ক্রিকেটের অনেক বিষয় নিয়েই তারা তাদের মতামত দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের কোনটা সঠিক, কোনটা ভুল সেটা নিয়ে নয়। এটা বোর্ডের ওপর ছেড়ে দেওয়া উচিত।’