সরকারের পাশে থাকবে বিসিবি

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৪৮

করোনা ভাইরাস সংক্রমণের এই ক্রান্তিকালে খেলার জগত্ও বসে নেই। তারাও যে যেভাবে পারে, এই সংকট সমাধানের পথে হাত বাড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে যার যার দেশে এ কাজে হাত বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তারা সরকারের পাশে কীভাবে থাকা যায়, এ নিয়ে আলোচনা করছে।

বাংলাদেশে ইতিমধ্যে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই প্রকোপ থেকে বাঁচতে এরই মধ্যে দেশের সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্রিকেটারদের অনুশীলন, জাতীয় দলের সফর—সবই স্থগিত রাখা হয়েছে। এখন বিসিবি মনে করছে, জাতীয় এই দুর্যোগে সরকারের পাশে থাকা উচিত তাদের।

গতকাল এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছিলেন, ‘আমরা সব সময়ই মনে করি, দেশের মানুষের নিরাপত্তা ও সুস্বাস্থ্য আমাদের বড়ো একটা চিন্তার ব্যাপার। বিসিবি এসব ব্যাপারে সব সময় এগিয়ে এসেছে। এবারও সেটা করবে। আমরা খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

আগামীকাল সরকারি ছুটি শুরু হচ্ছে। যত দূর জানা গেছে, তার আগেই বিসিবি সিদ্ধান্ত নেবে, কীভাবে এই সংকটে মানুষের পাশে থাকা যায়।

এদিকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সে দেশের সরকারকে আড়াই কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার পর্যন্ত শ্রীলঙ্কায় প্রায় ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তবে এখনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

শ্রীলঙ্কার সরকার এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে শুক্রবার থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশটিতে কারফিউ জারি করেছিল। গত শনিবার লঙ্কান ক্রিকেট বোর্ড স্থগিত করেছে সব ধরনের ঘরোয়া ক্রিকেটও। এর আগে গত ১৩ মার্চ স্থগিত করা হয়েছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচির হাই পারফরম্যান্স সেন্টারটি এই মহামারির সময় সেবা দেওয়া প্যারামেডিক কর্মীদের অস্থায়ীভাবে ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছে পিসিবি।

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার পর্যন্ত পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

করাচির এক্সপো সেন্টার পরিণত হয়েছে অস্থায়ী হাসপাতালে। সেখানে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন প্যারামেডিক কর্মীরা। তাদের বীর বলে উপাধি দিয়েছেন পিসিবির প্রধান অপারেটিং অফিসার সালমান নাসের।

তিনি বলেন, ‘প্যারামেডিক কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচাচ্ছেন এবং করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা করছেন। অদম্য বীরদের জন্য প্রশংসা ও স্বীকৃতি হিসেবে আমাদের ছোটো একটি পুরস্কার—পিসিবির অত্যাধুনিক হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারকে এক্সপো সেন্টার হাসপাতালে কর্মরত প্যারামেডিক কর্মীদের জন্য অস্থায়ীভাবে থাকা ও বোর্ডিং ব্যবস্থা করার প্রস্তাব দিচ্ছে। যেন তারা করোনা ভাইরাসে আক্রান্তদের আরো কার্যকর ও দক্ষতার সঙ্গে সেবা করতে পারে।’

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে করাচির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার পিএসএল স্থগিত করে দিয়েছে পাকিস্তান। পিছিয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচও।