নিয়ামতপুর বাজারে টয়লেট প্রয়োজন

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৫৫

কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর বাজারে একটি টয়লেটও নেই! অথচ নিয়ামতপুর বাজারটি ইউনিয়ন পর্যায়ের বাজার হলেও এটি বর্তমানে করিমগঞ্জ থানা পর্যায়ের বাজারের চেয়েও বিরাট একটি বাজার। মুদি, টেইলার্স, বস্ত্রালয়, স্টেশনারি এবং নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্যসামগ্রী পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় হয়। দূরদূরান্ত থেকে ছুটে আসা প্রতিদিন লাখো মানুষের ভিড়ে বাজারের অলিগলি মুখর থাকে। বাজারের পূর্বপাশে বহু পুরানো একাধিক টয়লেট থাকলেও সেগুলি ভাঙাচোরা, দরজাহীন, আবর্জনাপূর্ণ— এককথায় অস্বাস্থ্যকর। ফলে ক্রেতা-বিক্রেতা সহ বাজারের লোকজন নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন। খোলা ময়দানে টয়লেট করায় পরিবেশ দূষিত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নিয়ামতপুর বাজারে খুব দ্রুত  সুবিধাজনক স্থানে পরিবেশবান্ধব টয়লেট নির্মাণের জন্য।

মোহাম্মদ আবদুল্লাহ্

ভাটিয়া র্পূ্বপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ